বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর দুই কানের স্বর্ণালংকার ছিঁড়ে নিয়ে গেছে চোর। এই ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন এবং তার কান থেকে রক্তক্ষরণে বিছানা ভিজে যায়। একই বাড়িতে থাকা অন্য এক নারীর নাকের গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় চোর।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, শাহজাহান হাওলাদারের বাড়ির এক পাশের টিন খুলে ভেতরে প্রবেশ করে চোর। ঘরে ঘুমিয়ে থাকা শাহজাহান হাওলাদারের স্ত্রীর দুই কানের স্বর্ণালংকার ছিঁড়ে নেওয়ার সময় তার কান গুরুতর জখম হয়।
এরপর চোরটি ওই বাড়ির পুত্রবধূর নাকের গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে সফল হয় না। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসেন, কিন্তু ততক্ষণে চোর পালিয়ে যায়। পরে বাড়ির এক পাশে টিন খোলা অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকে চোরের একটি জুতা উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
এই ঘটনার পর চর মহিষা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা রাতে পাহারা জোরদার করার পাশাপাশি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা কামরুল হাসান মোমেন বলেন, "ঘটনা শোনার পর আমি বেশ কয়েকজন ওই ঘরে যাই। শাহজাহান হাওলাদারের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তার কানের রক্তে পুরো বিছানা ভিজে গেছে। আমরা চোরকে ধরার চেষ্টা করছি। তাকে পাওয়া গেলে দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়া হবে।"
মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর জানান, "এ ঘটনা আমরা এখনও শুনিনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"