স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোতে খুব শীঘ্রই আইফোনের একটি জনপ্রিয় ফিচার যুক্ত হতে পারে। ‘অ্যাপ মিররিং’ নামক এই সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা ল্যাপটপের সঙ্গে ফোন সংযুক্ত করে নোটিফিকেশন দেখা এবং ফোনের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদন অনুযায়ী, এই সুবিধাটি ব্যবহারের জন্য আলাদা কোনো যন্ত্রাংশের প্রয়োজন হবে না, তবে ফোন এবং ল্যাপটপ—উভয় ডিভাইসেই একই স্যামসাং অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে।

প্রযুক্তিবিষয়ক আগাম তথ্য ফাঁসের জন্য পরিচিত ফাহাদ আলী সম্প্রতি স্যামসাংয়ের হালনাগাদ ওয়ান ইউআই ৯.৫ সফটওয়্যার ইন্টারফেসের কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন। ওই স্ক্রিনশটগুলোতে স্যামসাং গ্যালাক্সি ফোনে যুক্ত হতে যাওয়া বেশ কিছু সম্ভাব্য নতুন সুবিধার আভাস পাওয়া গেছে, যার মধ্যে ‘অ্যাপ মিররিং’ ফিচারটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

এই সুবিধাটি কার্যকর হলে যারা একই সঙ্গে ফোন ও ল্যাপটপে কাজ করেন, তাদের জন্য ফোনের নোটিফিকেশন দেখা এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা অনেক সহজ হবে। তবে এই ফিচারটি নিয়ে স্যামসাং কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এছাড়া, হালনাগাদ ওয়ান ইউআই ৯.৫ সফটওয়্যার ইন্টারফেসে স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের জন্য তৈরি অ্যাপের সার্চ বার সুবিধাও সাধারণ গ্যালাক্সি ফোনে যুক্ত হতে পারে। তবে বড় পর্দার ফোনে এই সুবিধাটি সহজ মনে হলেও সাধারণ পর্দার ফোনে সার্চ বারটি কতটা কার্যকর হবে, তা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে।