দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে মায়ের হাত ধরে বিদ্যালয়ে যাওয়ার পথে দ্রুতগামী বাসের ধাক্কায় শিফা মণি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিফা মণি (৯) ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে ফুলবাড়ী শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা পারভিন ওই একই বিদ্যালয়ে আয়া পদে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরনে স্কুলড্রেস ও পিঠে ব্যাগ নিয়ে মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিলেন শিফা। বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতেই শিফা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, "দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন শিফাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা ধরে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাসান আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনাটি ঘটিয়ে চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।