দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বেলা ১১টায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সেখানে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হবে।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ওই সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন। শনিবার তার এই সফর উপলক্ষে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।