ঢাকার সাভারে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ (৫০) নামে এক ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মাত্র ২৩ দিন আগে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন কারাগার থেকে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন থানায় ১৮টির বেশি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় মিরপুরের পাইক পাড়ার র‍্যাব-৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

তিনি জানান, গত সোমবার (১৬ আগস্ট) রাতে র‌্যাব-৪ এবং র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের একটি যৌথ দল সাভার মডেল থানার হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসীর অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালানো হয়। সেখান থেকে আব্দুল হাকিম জোমাদ্দারকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেটসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নাজমুল ইসলাম বলেন, "আব্দুল হাকিমের কাছ থেকে তার সংঘবদ্ধ অপরাধী চক্র সম্পর্কে তথ্য পাওয়া গেছে। চক্রটি দেশের বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।" উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব আরও জানায়, প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতি বা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন আব্দুল হাকিম। সেখান থেকে ২৩ দিন আগে তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে এবং এর মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারকৃত আব্দুল হাকিম জোমাদ্দারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।