কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো পূজা-অর্চনা শেষ করে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বীনা রানী রায়। সেই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তার মাথায় আঘাত করতে থাকে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে নিহতের ছেলে তাপস রায় বলেন, "আমার মা প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে টিভি দেখছিলেন। এমন সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মায়ের মাথায় পেটাতে থাকে। মায়ের চিৎকার শুনে ঘরের আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে আমার মাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছি না।"
অন্যদিকে, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম জানান, স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তিনি আরও জানান, পাশের বাসিন্দাদের সাথে নিহতের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, "হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের অগ্রগতির সাথে সাথে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।"