খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস, দুটি বিদেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) এক বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে একটি মোবাইল চেকপোস্ট স্থাপন করা হয়েছিল। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ি দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা তা অমান্য করে। টহল দলকে দেখে তারা দ্রুত মোটরসাইকেলটি ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিজিবির টহল দল দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার দিকে ঢুকে পড়ে। বিজিবির ভাষ্য অনুযায়ী, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু রাস্তার সুযোগ নিয়ে দুই আরোহী রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে রেখে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালালে বাইকটির সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।
অভিযানটি সম্পর্কে যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, "উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল আইস উদ্ধার করা হলো। সীমান্ত ও সীমান্তবর্তী অঞ্চলে অস্ত্র ও মাদকের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"