নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই সেবার আওতায় শেরপুর–মাটিডালি–মোকামতলা–বনানী রুটে দুটি বাস চলাচল শুরু হয়েছে, যার যাত্রী, চালক এবং কন্ডাক্টর—সবাই নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলামসহ সংস্থাটির কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, “বিআরটিসির প্রচলিত লাল রঙের বাসের তুলনায় নতুন বাসগুলোর রং ও পরিচালনব্যবস্থায় ভিন্নতা রয়েছে। এসব বাসে শুধু নারী যাত্রী যাতায়াত করবেন এবং চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।”
তিনি আরও জানান, মঙ্গলবার থেকে দুটি বাস শেরপুর–মাটিডালি–মোকামতলা–বনানী রুটে চলবে। পরবর্তী সময়ে বগুড়া শহরের বিভিন্ন রুটেও এ ধরনের বাস চালুর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিআরটিসি সূত্রে জানা গেছে, পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ। এছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে। নতুন এই সেবায় বগুড়ার নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাস এই সেবায় যুক্ত করা হয়েছে। গোলাপি রঙের এসব বাসের গায়ে লেখা রয়েছে ‘মহিলা বাস সার্ভিস’।