রাজধানীতে গতকাল থেকে বদলাচ্ছে আকাশের মেজাজ—কখনো রোদ, আবার কখনো মেঘে অন্ধকার। এর মধ্যেই মাঝেমধ্যে বৃষ্টিও হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ঢাকায় এমন আবহই দেখা যাচ্ছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার সতর্কতা জারি আছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আজ সারা দিন রাজধানীতে মেঘ–বৃষ্টির পাশাপাশি রোদও দেখা দিতে পারে। আগামীকাল বৃষ্টি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৃহস্পতি বা শুক্রবার বৃষ্টি আবার বাড়তে পারে।
রাজধানীর আকাশে গতকাল থেকেই মেঘ ছিল এবং বৃষ্টিও হয়েছে। আজ সকাল থেকে আবারও আকাশে মেঘ দেখা যায়। এর মধ্যে কোথাও কোথাও রোদ উঠেছে। বেলা সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় আকাশে মেঘ ছিল। এরই মধ্যে দুই দফা বৃষ্টিও হয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর মুক্তকণ্ঠকে বলেন, নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় আছে। এর প্রভাবে এ বৃষ্টি। আজ রাজধানীতে মেঘ–বৃষ্টির পাশাপাশি রোদও দেখা দেবে একটু পরপর। এমনটা সারা দিনই চলতে পারে।
গতকাল থেকে মেঘ থাকলেও ঢাকায় বৃষ্টির পরিমাণ বেশি ছিল না। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির হার তুলনামূলকভাবে বেশি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, ১৮৩ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রামে ১৪৯ মিলিমিটার, নোয়াখালীতে ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। উপকূলীয় জেলা পটুয়াখালী ও ভোলায় যথাক্রমে ৪৭ ও ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এদিকে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তাও আছে। উপকূলীয় এলাকায় ইতিমধ্যে ভারী বৃষ্টি চলছে। চার বন্দরে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।