নরসিংদীর বেলাব উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় মাদক সেবনের সময় শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সাথে পুলিশ কনস্টেবল শামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক শামসুল ইসলাম বর্তমানে বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত।

পরবর্তীতে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন—বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়ালপাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জ্বল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) ও একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, "আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।"

উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল ওই উপজেলার খামারেরচর এলাকা থেকে জীবন নামে আরেক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল।