শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করার পক্ষেই বিএনপি। বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি এই দাবি জানিয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে জামালপুর জেলা যুবদলের আয়োজনে শহরের বাগের হাটা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিলোফার চৌধুরী মনি জানান, শেখ হাসিনা দেশে ফিরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, তবে আদালতের চূড়ান্ত রায় সবাইকে মেনে নিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "শেখ হাসিনাকে এই দেশে ফেরত আনার জন্য ইন্টেরিম সরকারও চেয়েছিল, এই সরকারও চাচ্ছে। চিঠিপত্র চালাচালি হচ্ছে, আপনারা দেখেছেন, শুনছেন প্রতিদিন। উনি আসবেন, আমরা তো এটাই চাই, বিএনপি তো এটাই চায় উনি আসুক। আইনের আওতার মধ্যে থেকে যা কিছু করার করতে পারবেন। উনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। কিন্তু বিচারে যা হয়েছে সেটা মেনে নিতে হবে। বিচারে যা হবে, বিচারের রায় যেভাবে হবে সেটাকেই মেনে নিতে হবে।"
আইনের শাসন ও বিচার বিভাগের গুরুত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, "আমরা কেউ বিচার বিভাগের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না। এই কথাটা আমাদের প্রত্যেককে মানতে হবে। আমরা পাশের দেশকে বলছি আমাদের আসামিকে ফেরত দাও। সেখানে আসামি যদি আসতে চায়, ভালো। একজন আসামিকে যেভাবে টেক কেয়ার করার কথা, বাংলাদেশ সরকার সেভাবে টেক কেয়ার করবে।"
অন্যদিকে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে নিলোফার চৌধুরী মনি বলেন, "ভারত আমাদের প্রতিবেশী। তাদেরকে আমরা বাতিল করতে পারব না, বন্ধ করতে পারব না। চাইতে হবে, সেটা বুঝাতে হবে এবং একটা চুক্তি হবে, আলোচনা হবে। সে আলোচনার জন্য একটা দেশ যখন আরেকটা দেশে যাবে বা আসবে, সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। যে এটার বিচার না হলে আমি যাব না, এটার বিচার না হলে আমি এটা করব না সেটা আমি মনে করি না। আমাদের তিন দিকে ভারত, এটাও আমাদের বুঝতে হবে।"
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে দাবি করেন নিলোফার চৌধুরী মনি। তিনি জানান, দলটি সব সময় আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখে এবং আদালতের রায়কে সম্মান করে।
উক্ত অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।