ঢাকার ডেমরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) অভিযান চালিয়ে রনি ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছে বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক নাঈম উল হক এ তথ্য জানান।

র‌্যাব জানায়, রোববার রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন হাজীনগর এলাকায় একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় রনি ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত ওয়ারড্রব তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া ওই বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা নাঈম উল হক জানান, রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তিনি আরও জানান, রনি ভূঁইয়া আড়াইহাজার ও ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।