দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। এর ফলে নতুন মৌসুমে মাঠে নামা, ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করা এবং নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই ক্লাবের।

আবাহনীর ওপর মোট তিনটি নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এর মধ্যে দুটি আগেই প্রত্যাহার করা হয়েছিল এবং আজ রাতে সর্বশেষ নিষেধাজ্ঞাটিও উঠে গেছে।

এদিকে ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে বর্তমানে বাংলাদেশের ক্লাবগুলোর বিরুদ্ধে মোট ১৫টি নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এর মধ্যে ১০টি নিষেধাজ্ঞা বসুন্ধরা কিংসের। একসময় কিংসের মোট ১৪টি নিষেধাজ্ঞা ছিল, যার মধ্যে ৪টি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া ফকিরেরপুল ইয়ংমেন্সের দুটি এবং শেখ জামাল ধানমন্ডি ও সকার ক্লাব ফেনীর একটি করে নিষেধাজ্ঞা রয়েছে। উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফকিরেরপুলকে প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে, তবে তারা এখনো খেলোয়াড় নিবন্ধন করতে পারছে না।

ঘরোয়া ফুটবলের কথা চিন্তা করলে, ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপের মাধ্যমে নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। তবে বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা না ওঠায় চ্যালেঞ্জ কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না।

তবে নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ আগস্ট শুরু হবে ফেডারেশন কাপ। এরপর ২৮ ও ২৯ আগস্ট থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে।