এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য এবার ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এই বিপুল আবেদনের প্রেক্ষিতে খাতা পুনর্মূল্যায়নের জন্য নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিষয়ে কথা বলেন। বিপুল সংখ্যক খাতা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য উল্লেখ করে তিনি বলেন, "তাই খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে; যাতে কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, সেগুলোর আওতা নির্দিষ্ট করা যায়।"

শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর গুরুত্বের কথা বলেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, "বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই।"

বিশ্ববিদ্যালয়গুলোর কিউএস রেটিং আরও উন্নত করতে গবেষণার ওপর জোর দেওয়ার পাশাপাশি ক্রস-বর্ডার এডুকেশনের গুরুত্বারোপ করেন তিনি। দেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর অভাব নেই বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, "এ দেশের শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালো ফল করছে। পাশাপাশি গবেষণা ক্ষেত্রেও বিশাল সাফল্য দেখিয়েছে। রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে তাদের দেশে এনে তাদের মেধাকে কাজে লাগাতে হবে।"

এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের সহজেই বাংলাদেশের ভিসা পাওয়া সম্ভব হবে।"

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন, কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান এবং কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিন ফার্নান্দেজ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।