ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় পৌঁছেছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। ১৪ সদস্যের এই প্রতিনিধিদলটি ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবে।
সিআইআইয়ের মহাপরিচালক মি. চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে এই দলে ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার প্রধানরা yer রয়েছেন। প্রতিনিধিদলে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালীগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত। এছাড়া সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন সিআইআই সচিবালয়ের কর্মকর্তারা।
সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন। এসব আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সংযোগ স্থাপন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর আয়োজনে একটি মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবে এই প্রতিনিধিদল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের দীর্ঘদিনের বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং বিনিয়োগ ও শিল্প সহযোগিতার নতুন পথ উন্মোচন করা। সফরকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিষ্পত্তি, উদীয়মান যৌথ খাত চিহ্নিতকরণ এবং বেসরকারি খাতের যোগাযোগ সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।