নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং কেক তৈরিতে পচা ডিম ব্যবহারের অভিযোগে ‘রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ’ নামক একটি বেকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ওই বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন দেখা যায়, প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগৃহীত ভালো ও পচা ডিম একত্রে মিশিয়ে কেক তৈরি করছিল। ভাঙা ও পচা ডিমের কারণে পুরো কারখানায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া ন্যূনতম স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে ‘হানিকম্ব’ নামের পাউরুটি ও বান তৈরিতে নোংরা এবং অপদ্রব্য মিশ্রিত চিনির সিরা ব্যবহার করা হচ্ছিল।
হাতেনাতে এসব অনিয়ম ধরা পড়লে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা বিপুল পরিমাণ পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত চিনির সিরা ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বলেন, “ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”