রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়। উল্লেখ্য, বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রোমানিয়ার পাশাপাশি বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সময়ে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব প্ল্যাটফর্মে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিওর মতো বিভিন্ন কনটেন্ট অনেক সময় আইনি বা অন্য ধরনের জটিলতার সৃষ্টি করতে পারে।

বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা কিংবা অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

কোনো তথ্য শেয়ার করার আগে তা যথাযথভাবে যাচাই ও সত্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, "এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়, যা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে।"

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, কোনো কনটেন্ট থেকে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে বলে মনে হতে পারে—এমন বিষয় থেকেও বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি স্থানীয় আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

দূতাবাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজ্ঞপ্তির শেষাংশে রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশিকে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।