কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে মো. হানিফ (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হানিফ ঢাকার মিরপুর এলাকার সিকান্দার কাজীর ছেলে বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের অ্যান্ডারসন রোডে অবস্থিত হোটেল সৌদিয়ার তৃতীয়তলার ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টার দিকে খাবার খাওয়ার জন্য কক্ষ থেকে বের হয়েছিলেন হানিফ। এরপর সোমবার দুপুরে হোটেলের এক কর্মচারী তার কক্ষে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরের প্রবেশদ্বার বাসটার্মিনাল এলাকার ‘ঢাকা হোটেল’-এর চারতলার ৪০১ নম্বর কক্ষ থেকে আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকার বাসিন্দা আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।