আসন্ন নারী এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টুর্নামেন্টেই বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করেছে বিসিবি। ২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে এসিসি নারী এশিয়া কাপ। এরপর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসেও এই একই দল অংশ নেবে বলে জানানো হয়েছে।

ঘোষিত দলে ব্যাটিংয়ের জন্য রাখা হয়েছে দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা ও সোবহানা মোস্তারী। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন স্বর্ণা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন।

স্পিন আক্রমণে নাহিদা আক্তারের পাশাপাশি থাকছেন রাবেয়া খান, সুলতানা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। অন্যদিকে পেস বোলিংয়ে দায়িত্ব পালন করবেন মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।