বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের জন্য ছয় দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদপুরের আদাবরের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন রেজিস্ট্রার বি. জে. (অব.) মো. মাহবুবুল হক।
এই ভর্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিভাগে ভর্তির প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন। এছাড়া মেলা চলাকালীন অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় এবং যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীরা।
আগামী ২১ আগস্ট শুক্রবার পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার কার্যক্রম পরিচালিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের প্রধান মো. সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের প্রধান এম এম এনামুল আজিজ, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. আবু ইছা গাজী, ট্রিপল–ই বিভাগের প্রধান সৈয়দ খালিদ হোসেন এবং স্থাপত্য বিভাগের প্রধান শেখ ইতমাম সউদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।