দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে আসা তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন জব্দ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে তিন যাত্রী অবতরণ করেন। তাঁরা ফেনীর বাসিন্দা মঈনুল আবদিন, আবদুল মান্নান ও নুরুল আলম। গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের ব্যাগেজে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। এছাড়া একই সময়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট পাওয়া যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং ১৩টি আইফোনের মূল্য ১৫ লাখ টাকা। উদ্ধারকৃত সব পণ্য বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। তবে তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে এসব সিগারেট ও আইফোন জব্দ করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে নজরদারি অব্যাহত থাকবে।"