দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা অংশের পুনর্নির্মাণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে তিনি নামফলক উন্মোচন করেন এবং পরবর্তীতে কাজের সফলতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চারটি প্যাকেজে শুরু হয়েছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দশানী থেকে গিলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল।
সম্প্রতি পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে সড়ক বিভাগ। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান মাফুজ খান লিমিটেড ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়ন করছে।
সড়ক বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জুনের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্প সম্পন্ন হলে বাগেরহাট, রামপাল ও মোংলার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত, নিরাপদ ও নির্বিঘ্ন হবে।