সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, "নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।"

তবে নতুন বেতনকাঠামো কার্যকর করার পর মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হওয়ার পর জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। পে-কমিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। সোমবারের বৈঠকে কিছু বিষয়ে আলোচনা হলেও আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে, তাই এ বিষয়ে পরবর্তীতে আরও বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, নতুন পে-স্কেল সংক্রান্ত বিষয়ে সরকার বর্তমানে কাজ করছে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলমান রয়েছে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গিয়েছিল, সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত এই নতুন বেতনকাঠামো দুটি ধাপে বাস্তবায়ন হতে পারে। সেখানে ১ জুলাই থেকে মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল এবং ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে ভাতা কার্যকর হতে পারে বলে ধারণা করা হয়েছিল। এছাড়া নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলেও জানানো হয়েছিল।

অন্যদিকে, রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে তা ঘোষণা করা হতে পারে।