বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছে ভারতের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে এই প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছাবে।

১৮ সদস্যের এই প্রতিনিধিদলে রয়েছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট রাকেশ স্বামী, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা কে এল্লা, দ্য ইনফ্রাভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বিনায়ক চ্যাটার্জি, অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পরম শাহ, এলএমডব্লিউ গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা পি জে রাজেশ, মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধান রাজেশ গুপ্ত, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টসের দক্ষিণ এশিয়া প্রধান কৃষ্ণা খাটোওয়ানি, ফোর্বস মার্শালের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) দীপক শর্মা এবং অ্যাপোলো হসপিটালসের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) এম এস গুরু প্রসাদসহ আরও অনেকে।

সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া আগামীকাল দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। একই দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)-এর সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।

দুই দেশের বাণিজ্য সম্পর্কে বর্তমান টানাপোড়েনের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে সমুদ্র ও স্থলবন্দর ব্যবহারে ভারতের বিধিনিষেধের কারণে বাণিজ্য কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

সরকারি তথ্যানুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার। তবে এই বাণিজ্যে বাংলাদেশের বড় ধরনের ঘাটতি রয়েছে। বাংলাদেশ ভারত থেকে অধিক পণ্য আমদানি করলেও ভারতে রপ্তানির পরিমাণ মাত্র ২ বিলিয়ন ডলারের কাছাকাছি।