নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত 'ঢাকা ব্যাংক-নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড' চালু করেছে ঢাকা ব্যাংক। সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ শীর্ষক ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এই কার্ডটি উন্মোচন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এই তথ্য নিশ্চিত করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাক আহমেদ এবং হেড অব রিটেইল বিজনেস এইচ এম মোস্তাফিজুর রহমান। এছাড়া এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং মাস্টারকার্ডের লিড-মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি এই কার্ডটি দেশ ও বিদেশ ভ্রমণ, রেস্টুরেন্ট, শিক্ষা, ফ্যাশন এবং প্রযুক্তি খাতে বিশেষ সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে আইইএলটিএস, স্যাট, জিম্যাট ও টোয়েফল পরীক্ষার ফি পরিশোধের সুবিধা পাওয়া যাবে। এছাড়া স্টার সিনেপ্লেক্সে ক্যাশব্যাক এবং নেটফ্লিক্স, স্পটিফাই, চরকি ও হইচইয়ে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে। কিভা হ্যানে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়ের পাশাপাশি জিওর্দানো ও পাঠাওয়ে বিশেষ সুবিধা থাকবে এই কার্ডের গ্রাহকদের জন্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল এবং শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।