ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কৃষকদের জন্য কৃষি অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত করতে ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কৃষিপ্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম 'অঙ্কুর'-এর উদ্যোক্তা প্রতিষ্ঠান আইপেজ গ্লোবাল লিমিটেড। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ট্রাস্ট ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, ট্রাস্ট ব্যাংকের বিজনেস বিভাগের প্রধান মো. মাহবুব হোসাইন এবং আইপেজ গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশীদারি চুক্তির মূল লক্ষ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর কৃষি অর্থায়নের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা। এর পাশাপাশি কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সেবায় প্রবেশাধিকার আরও সহজতর করা হবে বলে ট্রাস্ট ব্যাংক উল্লেখ করেছে।