সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত মো. গোলাম মুক্তদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান আজ সোমবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "গ্রেপ্তার মো. গোলাম মুক্তাদীর মামলার এজাহারভুক্ত আসামি। ডিবি পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।"
পাশাপাশি একই দিন বিকেলে উপজেলার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা শেষে ফেরার পথে সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার রাতেই রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলাটি প্রসঙ্গে জানা গেছে, "চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামীমুল হাসান খন্দকার বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।"
মামলায় নাম উল্লেখ করা ১৫ জন ছাড়াও আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় সংসদ সদস্য মো. আয়নুল হক জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের দায়ী করেছেন। তবে জামায়াত ও এনসিপি এই অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।