ভারতের বিহার রাজ্যের লখিসরাইয়ে অশোকধাম মন্দিরে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্টের মতো এক পরিস্থিতিতে অন্তত সাতজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

কর্মকর্তারা জানান, শ্রাবণ মাসের সোমবারের দিনটিতে মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। সনাতন ধর্মে এ দিনটিকে শুভ বলে মনে করা হয় এবং পুণ্যার্থীরা, বিশেষ করে শিবভক্তরা ব্রত পালন করেন। সাধারণত এ দিন শিবমন্দিরগুলোয় ভক্তদের ভিড় বেশি থাকে।

সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) শিবম কুমার এএনআইকে বলেন, ‘সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বলা হচ্ছে, সেখানে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছিল। এতে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে হুড়োহুড়ির মতো পরিস্থিতি তৈরি হয়। সবকিছু যাচাই করার পর আমরা সঠিক কারণ জানাতে পারব।’

লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) শৈলেন্দ্র কুমার বলেন, ‘সেখানে নজিরবিহীন ভিড় হয়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে এখানে দুটি ট্রেন আসে, তাতে ভিড় আরও বেড়ে যায়। আমরা ভিড় হবে বলে আগেই ধারণা করেছিলাম এবং সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছিল।’

ঘটনাটি কীভাবে ঘটল, সে বিষয়ে ডিএম আরও বলেন, ভিড়ের চাপে প্রতিবন্ধকের এক পাশ ভেঙে পড়ে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন নিহত হন।