চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া চলছে। ফল প্রকাশের পরদিন, ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আজ, ১৭ আগস্ট পর্যন্ত। ১১ আগস্ট থেকে শুরু হওয়ার পর পাঁচ দিনের মধ্যে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এবারের আবেদন সংখ্যা রেকর্ড পরিমাণ। ১৭ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা দেখার কোনো ব্যবস্থা ছিল না, তবে বর্তমান সরকার আইনটিতে সংশোধনী এনেছে। ফলে এবার শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়নের সুযোগ পাচ্ছেন।

পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা ফি দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো যেসব বিষয় দুটি পত্রে বিভক্ত, সেসব বিষয়ের উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালি সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।

একবার আবেদন ও ফি পরিশোধের পর শিক্ষার্থীরা চাইলে আরও বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

আবেদন করার সময় ফি জমা দেওয়ার আগ পর্যন্ত নির্বাচিত বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে। কোনো বিষয় ভুল করে নির্বাচন করা হলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে সেটি বাদ দেওয়া যাবে। তবে ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং জমা দেওয়া অর্থও ফেরতযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া শুরু করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd -এ প্রবেশ করতে হবে। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে।

এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যেটিতে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। সেখানে মোট ফি দেখানো হবে।

বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতি জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।

ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।