মুক্তকণ্ঠের নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’–এর ধারণ করা পর্বটি আজ রাত ৯টায় মুক্তি পাবে। মুক্তকণ্ঠের অফিশিয়াল ফেসবুক পেজ এবং মুক্তকণ্ঠের এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে পর্বটি দেখা যাবে।
এই পর্বে ১ আগস্ট অংশ নিয়েছিলেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। মুক্তকণ্ঠের কার্যালয়ে ধারণের দিন তিনি শুরু করেন রবীন্দ্রসংগীত ‘আছে দুঃখ, আছে মৃত্যু’ দিয়ে। এরপর পরিবেশন করেন ‘এ মণিহার আমায় নাহি সাজে’। তৃতীয় গান হিসেবে গলায় তুলে নেন বিখ্যাত নজরুলগীতি ‘মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে’। গানটির সঙ্গে বিশেষভাবে নজর কাড়ে বাঁশির সুর। তালিকার চতুর্থ গান ছিল ‘কোথায় তুই খুঁজিস ভগবান’।
দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আজি তোমার কাছে ভাসিয়া যায়’ পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মন বেদনাবিধুর করে তোলেন শিল্পী। পরে আবার নজরুলসংগীতে ফিরে তিনি শোনান ‘তেপান্তরের মাঠে বধূ হে একা বসে থাকি’, ‘নাচের নেশার ঘোর লেগেছে’, ‘এসো প্রিয়’, ‘মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে’। ‘তেপান্তরের মাঠে’র সুরেই একটি অসমের লোকগীতিও গেয়ে শোনান তিনি। সবশেষে গীতিকার ও সুরকার হাবিবুর রহমানের ‘তুমি বেশ বদলে গেছ, পুরোনো সৈকতে আর পানসি ভিড়াও না’ দিয়ে পর্বটি শেষ করেন।
শেষে আয়োজনটি নিয়ে ফাতেমা তুজ জোহরা বলেছিলেন, ‘আপনাদের সামনে গান করতে পেরে বেশ ভালো লাগল। মনে হচ্ছিল, ঘরে বসেই গান গাইছি। কারও কিছু মাইন্ড করার নাই। কারও কিছু রিয়্যাক্ট করার নাই। সবাই মন দিয়ে শুনছে। আমি কোনো প্রত্যাশাই করি নাই, একটি পত্রিকা অফিসে এমন শ্রোতা পাব। আমার কাছে মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে।’
পুরো আয়োজনে ফাতেমা তুজ জোহরার গানের সঙ্গে সংগত করেন পল্লব সান্যাল (তবলা), তানভীর সজীব (কি-বোর্ড), মামুনুর রশীদ (বাঁশি)। কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে এটি ছিল ‘মিউজিক@ডেস্ক’–এর ১৫তম আয়োজন।