ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নুরুল করিম। আজ রোববার বিকেলে তিনি রাষ্ট্রপতি বরাবর লেখা ওই পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে মোট ২৬৬ জন এই পদে নিয়োগ পান। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি ও এএজি পদে এটিই ছিল প্রথম নিয়োগ।
তবে নিয়োগের মাত্র ১৮ দিনের মাথায় পদত্যাগ করলেন নুরুল করিম। এর আগে ৩ আগস্ট মো. মাহফুজুর রহমান নামের আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল ‘ব্যক্তিগত’ কারণে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, যা ছিল তাঁর নিয়োগের চার দিনের মাথায়। পরবর্তীতে ৬ আগস্ট আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে তাঁর নিয়োগ আদেশ বাতিল করা হয়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে গত ৩০ জুলাই নতুন করে এই নিয়োগ দেওয়া হয়েছিল।