চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এতে জাহাজের নাবিকদের কোনো ক্ষতি হয়নি, সবাই নিরাপদে রয়েছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, রাতে আলফা অ্যাংকরেজে নোঙর করার চেষ্টা করছিল সিমেন্ট তৈরির কাঁচামালবাহী জাহাজ ‘এমভি আনাসসা’। এ সময় সেটি সেখানে আগে থেকে নোঙর করে থাকা ‘এমভি জাহান জাহাব’ নামের আরেকটি জাহাজকে ধাক্কা দেয়।
বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রবল স্রোতের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘এমভি আনাসসা’-র বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কোনো জাহাজে পানি প্রবেশ করেনি। দুর্ঘটনার পর উভয় জাহাজ নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করে। বর্তমানে বহির্নোঙরে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। জাহাজ দুটিতে মোট ২১ জন নাবিক ছিলেন এবং তাঁরা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।
বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এমভি আনাসসা’ জাহাজে প্রায় ৩৫ হাজার টন সিমেন্ট তৈরির কাঁচামাল স্ল্যাগ আনা হয়েছে। অন্যদিকে, ‘এমভি জাহান জাহাব’ গত ২৬ জুলাই মোংলা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছিল এবং পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুতি নিচ্ছিল।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডিজেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ এবং নোঙর করা বাল্ক ক্যারিয়ার ‘এমভি সান শাইন’-এর মধ্যে সংঘর্ষ হয়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে বহির্নোঙরে এটি দ্বিতীয় জাহাজ দুর্ঘটনা।