কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৩ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫ জনের পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে মোট ২ কোটি ৭৫ লাখ টাকা এবং আহত ২৮ জনের মাঝে মোট ৪২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। সব মিলিয়ে ৮৩টি চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনুকূলে মোট ৩ কোটি ১৭ লাখ টাকা প্রদান করা হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহত বা অঙ্গহানির শিকার ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট লাঘব করতেই সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় রয়েছে। আজকের এই আর্থিক সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। তবে দুর্ঘটনা কমাতে চালক ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। আসুন, সম্মিলিতভাবে আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করি।"

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোছাম্মাৎ মমতাজ বেগম। সভাপতিত্ব করেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মাহবুব-উল-ইসলাম। এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।