কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা এলাকায় বিদ্যুতের তারের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ায় বক্সপোল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার ফলে উখিয়া ও টেকনাফ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ভারী বৃষ্টির কারণে একটি ‘রেইনট্রি’ বা শিরিষ গাছ উপড়ে পড়ে ওই বক্সপোলটি ক্ষতিগ্রস্ত হয়।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন উখিয়া অফিসের ডিজিএম কায়জার নুর জানান, ৩৩ কেভি প্রধান তারের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, "উখিয়া ও টেকনাফ দুই উপজেলার পাশাপাশি মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন ও বক্সপোল মেরামতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।"

তিনি আরও জানান, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আনুমানিক ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে।

ঘটনার খবর পেয়ে গাছটি সরিয়ে সড়ক ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, "বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছটি নিরাপদে অপসারণের জন্য ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করছেন।"