সাহিত্যের আঙিনায় পিয়াস মজিদের নতুন কবিতা ‘অযাপিত’ পাঠকদের সামনে এসেছে। নাগরিক ক্লান্তি, একঘেয়েমি এবং স্মৃতির আবর্তে ঘেরা এই কবিতায় কবি এক অদ্ভুত শূন্যতার কথা বলেছেন।
কবিতাটিতে কবি লিখেছেন,
“সোনার কানন পুড়ে যেতে দেখে
বরফের বাগিচায় ঘাপটি মেরে
সইছি তোমাকে সারাক্ষণ
কী অনুপম, বোরডম!
কারবালা-কান্তার থেকে মহাভারতের মাঠে
দৌড়ুতে দৌড়ুতে, ক্লান্তিকেও করে তুলছি ক্লান্ত।
ঘুমোতে গিয়ে চুমুচ্ছি স্বপ্নের সন্ত্রাস
হৃদয়ে নীলপাখি, ধূসরাভ শ্বাস।
গানের ঘাটে একটু বসে থেকে
নচের মজলিশে পা মিলিয়ে
তুমুল এমন গরমের কালে
বিগত-নাতিশীতোষ্ণ মনে,
আমার সম্ভাব্য সব প্রেমের
উড়ে চলে যাওয়া মানছি
দূর-তুষারের বনে।
বেঁচে থাকতে থাকতে
যাপনের শিশু-শব্দরা
এভাবেই বুড়িয়ে যেতে থাকে।”