জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্প্রতি দায়িত্ব শেষ হয়েছে। যেকোনো মুহূর্তে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা আসতে পারে। এই প্রেক্ষাপটে ছাত্রদলের নতুন কমিটি গঠন প্রক্রিয়ার বিষয়ে বিএনপিকে কিছু পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মির্যা গালিব।

রবিবার (১৬ই আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি তার মতামত ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, "ছাত্রদলের নতুন কমিটি হবে সামনে। বিএনপির উচিত ক্যান্ডিডেটদের (প্রার্থীদের) জন্য একটা বয়সসীমা বেঁধে দেওয়া এবং তারা যেন নিয়মিত ছাত্র হয়, তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, ভোটের মাধ্যমে কমিটি হওয়া উচিত। সংগঠনের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ছাড়া রাজনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে না।"

তৃণমূল পর্যায় থেকে কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মির্যা গালিব লেখেন, "কমিটি করার ক্ষেত্রে নিচের দিক থেকে শুরু করলে ভালো হয়। প্রথমে উপশাখা কমিটি, তারপর তাদের ভোটে বিশ্ববিদ্যালয় শাখা কমিটি, এরপর বিশ্ববিদ্যালয় ও মহানগরের ভোটে কেন্দ্রীয় কমিটি হওয়া উচিত।"

ছাত্র সংগঠনের রাজনৈতিক আদর্শ ও ধারা নিয়ে তিনি বলেন, "ছাত্রদল যেন কোনোভাবেই ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারত্বের রাজনীতিতে না জড়ায়, সেটি নিশ্চিত করা উচিত। ভালো নেতৃত্ব উঠে আসার মতো রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করা এর পূর্বশর্ত। ছাত্রদলের এই বিষয়ে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। কিন্তু আফসোস, অনেক ক্ষেত্রেই তারা উল্টো পথে হাঁটতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।"