বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব সতর্ক করে বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, “সবাইকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।” তাই তিনি মনে করেন, আওয়ামী লীগকে কখনোই বিশ্বাস করা সম্ভব নয়। তাদের চরিত্রের সাথে সাপের তুলনা করে তিনি বলেন, “তাদের চরিত্র সাপের মতো। সাপের পিঠে বাড়ি দিয়ে ছেড়ে দিলে যেমন দংশনের শিকার হতে হয়, তেমনি এই পলাতক পতিত ফ্যাসিস্টরা পিঠে বাড়ি খাওয়া সাপের মতো, যারা এখনো মরেনি। তাদের ছেড়ে দিলে দংশন খেতে হবে।”

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেনী জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের কুশীলবদের উদ্দেশ্য করে মশিউর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী কুশীলবদের সাবধান করছি, সতর্ক হয়ে যান। বাংলাদেশের মানুষ যদি আরেকবার ফুঁসে ওঠে, তাহলে এই মাটিতে আপনাদের কবর রচনা করার জায়গাও খুঁজে পাবেন না। বাড়ি বাড়ি আগুন দিচ্ছেন- আপনাদেরও বাড়ি আছে, আগুন দিয়ে পালিয়ে কোথায় যাবেন? আপনাদের পরিবার-পরিজন এই ভূখণ্ডে বাস করে। বাংলাদেশের মানুষ ক্ষেপে উঠলে তাদের এই ভূখণ্ডে রাখতে পারবেন না। আপনাদের বাড়িঘর ছাই করে দিতে পারে এ দেশের মানুষ। বাংলাদেশের মানুষ আবার যদি সেই ২৪-এর উত্তেজনা নিয়ে রাস্তায় নেমে আসে, তাহলে এসব রক্ষা করতে পারবেন না।”

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে তারা দেশের মাটি রক্ষা করতে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শৃঙ্খলার জন্য জীবন বাজি রেখে লড়াই করতে জানে। তিনি বলেন, “তারা যুদ্ধ করেছে, ১৯৭১ সালে জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছে। ১৯৯০ সালে সংগ্রাম করেছে, ২০২৪ সালে জীবন দিয়েছে। এই বাংলার মাটিতে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপি পালন করবে, ইনশাআল্লাহ।”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য তারেক রহমানের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করব, শুধুমাত্র দুষ্টদের দমন করব, বাকি সবার বাংলাদেশ।” তবে মশিউর রহমানের অভিযোগ, আওয়ামী লীগ সেই অঙ্গীকার মানেনি এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির ধৈর্য, মহত্ত্ব ও নেতৃত্বের গুণের কারণেই কিছু আওয়ামী নেতা ছদ্মবেশে এখনো দেশে অবস্থান করতে পারছেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন দেখা যাচ্ছে তারা বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দিয়েছে। তিনি অভিযোগ করেন, তারা বর্তমানে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, কৃষক দলের নেতাদের হত্যা করেছে, সরকারি স্থাপনায় হামলা করেছে এবং বিভিন্ন পরিবহনে আগুন ধরিয়েছে। তার মতে, পালিয়ে যাওয়া শক্তি এবং দেশে আত্মগোপন করা আওয়ামী দোসরদের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি ও আন্দোলন করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “তাই তাদের আর ক্ষমা নেই। আমাদের স্বাধীন ভূখণ্ডের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমরা তাদের চিহ্নিত করব এবং রুখে দেব।”

উক্ত বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য শরিফুল ইসলাম রাজিব ও মেজবাহ উদ্দিন মিয়াজি, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নোমানুল হক এবং ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ জ্যাকি প্রমুখ।