লা লিগার নতুন মৌসুমের শুরুতেই রোমাঞ্চ ও নাটকীয়তার সাক্ষী থাকল ফুটবল সমর্থকরা। পিছিয়ে থেকেও দুই পেনাল্টি গোলের সৌজন্যে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে পরাজিত করেছে সেভিয়া। অন্যদিকে, ১০ জনের হেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে দেপোর্তিভো আলাভেস।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে সেভিয়া। রক্ষণভাগের আরুনা সাঙ্গান্তের ভুল কাজে লাগিয়ে দ্রুত গোল করে রায়োকে এগিয়ে দেন আলভারো গার্সিয়া।

প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সেভিয়া। আইজ্যাক রোমেরোর সঙ্গে রায়ো গোলরক্ষক অগুস্তো বাতাইয়ার সংঘর্ষের পর রেফারি পেনাল্টি দিলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে সিদ্ধান্তটি বাতিল করা হয়।

দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরে সেভিয়া। ম্যাচের ৫০ মিনিটে নিজেদের বক্সে মিগেল সিয়েরাকে ফাউল করেন গার্সিয়া। এই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান জন গুরিদি।

ম্যাচের ৮৮ মিনিটে বিপজ্জনক ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন সেভিয়ার কিকে সালাস। একজন খেলোয়াড় কম হয়ে যাওয়ায় স্বাগতিকদের জন্য ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। তবে নাটকীয়তা বাকি ছিল ইনজুরি সময়ে। রবি ইউরেকে ফাউল করে পেনাল্টি উপহার দেন রায়োর ফ্লোরিয়ান লেজুন। এই স্পটকিক থেকে গোল করে সেভিয়াকে ২-১ ব্যবধানে জয় এনে দেন জেরার্ড ফার্নান্দেজ।

দিনের অন্য ম্যাচে হেতাফেকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে আলাভেস। ম্যাচের ৪২ মিনিটে বিপজ্জনক ফাউলের কারণে কিকো ফেমেনিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় হেতাফে।

সংখ্যায় এগিয়ে থাকলেও প্রথম দিকে গোলের দেখা পায়নি আলাভেস। অবশেষে ৭৩ মিনিটে বদলি হিসেবে নামা মারিয়ানো দিয়াজের পাস থেকে গোল করে জট খোলেন ফাকুন্দো তেনাগলিয়া।

ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন মারিয়ানো। এর দুই মিনিট পর তার পাস থেকেই মিকেল রদ্রিগেজ গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে আলাভেস।