রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ৯ দফা দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ আয়োজিত এই সম্মেলন থেকে দাবি আদায়ের লক্ষ্যে জেলা পর্যায়ে সমাবেশ এবং মহানগর ও রাজধানীতে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে ঢাকা অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। বিশেষ অতিথি ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতিনিধি তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে দেশের আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনে পাঠ করা ৯ দফা দাবির ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, আইন করে কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা করতে হবে। এছাড়া মহান আল্লাহ, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এবং কোরআন-সুন্নাহ তথা ইসলামের অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করার দাবি জানানো হয়। পাশাপাশি মাওলানা সা’দকে (সাদ কান্ধলভী) বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে, সা’দপন্থীদের ইজতেমার অনুমতি দেওয়া যাবে না এবং হিজবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
হেফাজতের আমিরের লিখিত বক্তব্যটি পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের লিখিত বক্তব্যটি পাঠ করেন মুহিউদ্দীন রাব্বানী। ওই বক্তব্যে বলা হয়, সম্মেলন থেকে সরকারের কাছে যেসব দাবি জানানো হয়েছে, সেগুলোর বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে।
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে সংসদে বিল আনার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান। অন্যদিকে, সরকার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে আগামী নভেম্বরে সংসদ ঘেরাও কর্মসূচি দেওয়ার জন্য হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে সেই ঘোষণা দিতে অসুবিধা কোথায়?”
সম্মেলনে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস এবং চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী। আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুয়তের সভাপতি আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।