মুন্সীগঞ্জের শ্রীনগরে আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করে সম্রাট (২৭) নামে এক অটোরিকশাচালককে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কবুতরখোলা মাদ্রাসার পাশে এই ঘটনাটি ঘটে। আটক সম্রাট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জসিলদিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা খাসের হাট এলাকার বাসিন্দা আমেনা (৬০) কাজের সন্ধানে শ্রীনগরের কবুতরখোলা মাদবরবাড়ি এলাকায় এসেছিলেন। তবে সঠিক তথ্যের অভাবে তিনি যে বাড়িতে কাজ করতে এসেছিলেন, সেই বাড়ির মালিকের নাম বলতে পারছিলেন না। এই সুযোগটি কাজে লাগিয়ে অটোরিকশাচালক সম্রাট তাকে কৌশলে আকিকার মাংস দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যান।
অভিযোগ উঠেছে, সেখানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে আমেনার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল, রুপার চেইন ও হাতের চুড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সম্রাট। এসময় ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সম্রাটকে অটোরিকশাসহ হাতেনাতে আটক করেন। এরপর শ্রীনগর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
শ্রীনগর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম জানান, "স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"