বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। মনোনীত এই চার নেতা হলেন—দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

আজ শনিবার বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।"

নতুনভাবে যুক্ত হওয়া সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘ সময় ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তীতে সদস্যদের মৃত্যু ও পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কিছু পদ শূন্য হয়ে পড়ে। বিভিন্ন সময়ে সেই শূন্য পদগুলোতে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।