পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন ওই গ্রামের মৃত বেলায়েত হোসেনের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি দীর্ঘ সময় পলাতক ছিলেন। সম্প্রতি তিনি পুনরায় নিজ বাড়িতে ফিরেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের দাবি, ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি সাব্বির হোসেন ঠিকাদারি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও রয়েছে। তাদের অভিযোগ, ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে নতুন করে নানা চক্রান্তের চেষ্টা করছিলেন। এলাকার কিছু ভুক্তভোগীও একই ধরনের অভিযোগ জানিয়েছেন।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাব্বির হোসেনের স্বজনেরা। তাদের দাবি, রাজনৈতিক আক্রোশ এবং স্থানীয় বিরোধের কারণে সাব্বিরকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
এই বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, "সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হবে।"