নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পৃষ্ঠপোষকতা করার অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানের আওতায় ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর এবং শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য চার ব্যক্তি হলেন—শৈলকুপার দুধসর গ্রামের বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মো. হাসিবুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, "গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।"
ওসি আরও জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।