যশোরের কেশবপুর উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জুয়েল রানা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহত জুয়েল রানা ওই এলাকার বাসিন্দা খানজাহান আলীর ছেলে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাথপাড়া মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়, যার ফলে জুয়েল রানা আহত হন। তবে তিনি নিজে ককটেলটি বহন করছিলেন নাকি সেটি কোথাও স্থাপন করতে গিয়েছিলেন, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, "বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ককটেল বহনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"