গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নৃশংস হামলা চালিয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হামলায় ওই ব্যবসায়ীর স্ত্রী নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ আগস্ট) ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায়। নিহত গৃহবধূর নাম কামরুন্নাহার আক্তার। তিনি নগরবেলা গায়েনবাড়ি এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। এই হামলায় মঞ্জুরুল ইসলাম এবং তার ১৬ বছর বয়সী মেয়ে শানজিদা আক্তার মিম গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে ১০-১২ জনের একটি দুর্বৃত্ত দল মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের অবরুদ্ধ করে রাখে। এরপর বাড়ির ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে তারা। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে ততক্ষণে কামরুন্নাহার আক্তার মারা যান। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় উলুখোলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফয়জুর রহমান জানান, দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। তার স্বামী ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশীরা।

তিনি আরও বলেন, "বাড়ির ভেতরের আসবাবপত্র সব গোছানো অবস্থায় রয়েছে। বাড়ির সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল খোয়া গেছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।"

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, "হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসছেন।"