মধ্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে দায়িত্বশীল হওয়ার কথা বলে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই নির্দেশনাটি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশির সামাজিক মাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি হতে পারে।"

নির্দেশনায় সতর্ক করা হয়েছে যে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির সামগ্রিক ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাস নির্দিষ্ট কিছু নির্দেশনা প্রদান করেছে। যার মধ্যে রয়েছে—

১. পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলুন।

২. কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করুন।

৩. অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

৪. অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করুন।

৫. ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকুন।

৬. পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করুন।