আজ ১৫ আগস্ট, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এই বিশেষ দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া, দেশব্যাপী বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে। ১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং ১৯৯১ সাল থেকে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।