১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। সকাল থেকে সেখানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ফুল দিতে আসা একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থান নেয়া পুলিশের উপস্থিতি চোখে পড়ে। ভোর থেকে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দিয়ে এলাকা নিয়ন্ত্রণ করা হয়। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সড়ক দিয়ে হেঁটে কাউকেও চলাচল করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে জড়ো হয়েছেন এবং উৎসুক লোকজনেরও উপস্থিতি দেখা যায়। পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা একজনকে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তাঁর বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ইমদাদুল ইসলাম আরও বলেন, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।