ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে চিত্রটা বলছে—এ মুহূর্তে চাপের কেন্দ্রবিন্দুতেই আছে অস্ট্রেলিয়া। দুই দিনের ছয় সেশনের কোনো সময়েই স্বাগতিকরা বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকতে পারেনি। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এই ধরনের একাধিক ঘটনা যে বাংলাদেশ ঘটাতে পেরেছে, তা স্বীকার করতেই হচ্ছে।

প্রথম দুই দিন শেষে এগিয়ে বাংলাদেশ থাকায় তৃতীয় দিনেও অস্ট্রেলিয়া যে চাপে থাকবে, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। চ্যানেল সেভেনের হয়ে সিরিজ বিশ্লেষণে তিনি বলেছেন, ‘আমি সত্যিই মনে করি তারা (অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা) এখানে নার্ভাস থাকবে।’

এই নার্ভাস হওয়ার সম্ভাবনার পেছনের ব্যাখ্যাও দিয়েছেন পন্টিং। তাঁর ভাষ্য, ‘এটা এমন একটা ম্যাচ যেখানে সবাই হয়তো ভেবেই এসেছিল যে তারা বাংলাদেশকে সহজে গুঁড়িয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে তারা (অস্ট্রেলিয়া) পুরোপুরি পিছিয়ে পড়েছে। টপ অর্ডারের দু-একজন ব্যাটসম্যান ইতিমধ্যে চাপে আছে, আর সামনের দু-এক দিনে তাদের কয়েকজনের ক্যারিয়ারে সম্ভবত এর চেয়ে বড় আর কোনো মুহূর্ত আসবে না, তাই তারা নার্ভাস থাকবে।’

গতকাল হাসান মাহমুদের ৬ উইকেটে ভর করে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ১৯৮ রানেই অলআউট করে। এরপর নিজেদের প্রথম ইনিংসে তানজিদ হাসানের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ১৫৩ রানে।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বড় পরীক্ষার কথাও স্মরণ করিয়ে দেন পন্টিং। তিনি বলেন, ‘ম্যাচটি জেতার মতো নিরাপদ অবস্থানে যেতে হলে সামনে আরও অনেক রান তুলতে হবে, যা বেশ কঠিন। তাই আগামীকাল সকালের একদম শুরুতেই এই অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারের মানসিকতা, মান ও দক্ষতা সম্পর্কে আমরা খুব ভালো একটা ধারণা পেয়ে যাব বলেই আমার মনে হয়।’

একইসঙ্গে পিচ পরিস্থিতি সম্পর্কেও মত দিয়েছেন তিনি। পন্টিংয়ের মতে, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে; প্রথম ইনিংসের তুলনায় এখন এটাকে অনেক ভালো মনে হচ্ছে।’