বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ প্লাটুন বিজিবি এবং আট প্লাটুন আর্মড পুলিশ দায়িত্ব পালন করছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়। টহল দলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছায়।

সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ডিবি পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি চালাচ্ছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, “গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। আগামীকালও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে।”

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকেই বিজিবির টহল শুরু হয়েছে।”